রবিবার, ৬ মার্চ, ২০১৬

এক ঝলকে শনিবার রাতের সব বড় ম্যাচ


রোনাল্ডো ঝড়ে উড়ে গেল সেল্টা
শনিবার ঘরের মাঠে বিপক্ষকে ৭-১ গোলে চূর্ণ করল দশবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটি৷ পর্তুগিজ তারকার চার গোল করার পাশাপাশি গোল পেলেন ‘বিবিসি’ নামে খ্যাত ত্রয়ীর আরেক ফুটবলার গ্যারেথ বেলও৷ এদিনই চোট সারিয়ে মাঠে নেমেছিলেন তিনি৷ যদিও চোটের কারণেই দলের কোচ এদিন পাননি ফরাসি ফুটবলার করিম বেঞ্জিমাকে৷ কিন্তু তাতে কোনও অসুবিধা হয়নি রিয়ালের৷ দলের হয়ে বাকি গোলদু’টি করেন জেসে রড্রিগেজ ও পেপে৷ লিওনেল মেসি গত ম্যাচেই হ্যাটট্রিক করেছেন৷ এদিন যেন তারই পাল্টা দিলেন রোনাল্ডো, এমনটাই মনে করছে ফুটবলমহল৷ সেল্টার হয়ে একমাত্র গোলটি আসপাসের৷
রবিবার ম্যাচের প্রথমার্ধে তেমন ভাবে নিজেদের মেলে ধরতে পারেনি রিয়াল৷ ম্যাচের প্রথম গোলটি আসে ৪১ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার পেপের সৌজন্যে৷ ইস্কোর কর্নারে দুর্দান্ত হেডে সেল্টা গোলকিপারকে পরাস্ত করেন তিনি৷ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ফেরে রিয়াল মাদ্রিদ৷
৫০ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁক খাওয়ানো শটে গোল করে দলকে দ্বিতীয় গোল এনে দেন রোনাল্ডো৷ এই গোলের সাত মিনিট পরে ফের গোল করেন সিআর সেভেন৷ বক্সের ঠিক বাইরে ইস্কোকে ফাউল করায় ফ্রিকিক পায় রিয়াল৷ সেই ফ্রিকিক থেকেই বহুদিন পর গোল পেলেন রোনাল্ডো৷ এরপর প্রায় একই জায়গা থেকে আরও একটি ফ্রিকিক নেন ‘দ্য বিস্ট’৷ কিন্তু সেল্টা গোলরক্ষক অবিশ্বাস্য দক্ষতায়  তা বাঁচিয়ে দেন৷ ৬৪ ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করেন ক্রিশ্চিয়ানো৷ ৫-১ গোলে এগিয়ে যাওয়ার পরও আরও দুটি গোল করে রিয়াল৷ ৭৮ মিনিটে একক দক্ষতায় জেসে এবং ৮১ মিনিটে বহুদিন পর চোট সারিয়ে মাঠে নেমে বেল গোল পান৷
এই ম্যাচে মাত্র ১৪ মিনিটে হ্যাটট্রিক করার পাশাপাশি চার গোল করায় সুয়ারেজের থেকে দু’গোল বেশি করে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার (২৭) আসন ছিনিয়ে নিলেন রোনাল্ডো৷ পাশাপাশি স্প্যানিশ লিগে আড়াইশো(২৫২) গোলের নজিরও গড়লেন তিনি৷

................................................................................................................................................................
সিটির জয়ে চেলসির ড্র 
ইপিএলে শেষ তিন ম্যাচে জয়ের খরা অবশেষে কাটিয়ে উঠল ম্যাঞ্চেস্টার সিটি৷ ঘরের মাঠে সের্জিও আগুয়েরোর জোড়া গোলের সুবাদে ৪-০ গোলে তাঁরা হারাল অ্যাস্টন ভিলাকে৷ আগুয়েরো ছাড়া বাকি গোল দুটি করেন ইয়া ইয়া ত্যুরে ও রহিম স্টার্লিং৷ অন্যদিকে, অপর একটি ম্যাচে ঘরের মাঠে এগিয়ে থেকেও জিততে পারল না চেলসি৷ স্ট্যামফোর্ড ব্রিজে স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করল তাঁরা৷


শনিবার রাতে প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ম্যানুয়েল পেলিগ্রিনির ছেলেরা৷ ৪৮ মিনিটে ত্যুরে দলের হয়ে প্রথম গোলটি করেন৷ আগুয়েরো ও দাভিদ সিলভার যুগলবন্দি থেকে বল পেয়ে গোল করতে কোনও ভুল করেননি ত্যুরে৷ এর ঠিক দু’মিনিট পর আগুয়েরো একক দক্ষতায় নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন৷ ৬০ মিনিটে ব্যবধান বাড়ান সেই আর্জেন্তাইন সুপারস্টারই৷ অ্যাস্টন ভিলার কফিনে শেষ পেরেকটি পোঁতেন রহিম স্টার্লিং৷ ৬৬ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি৷
অপর ম্যাচে, ঘরের মাঠে এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল গাস হিডিঙ্কের ছেলেদের৷ এদিন শুরু থেকেই আক্রমন-প্রতি আক্রমনে খেলা চলতে থাকে৷ কিন্তু দু’দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল করতে পারেননি কেউই৷ শেষ পর্যন্ত প্রথমার্ধের ৩৭ মিনিটে ‘দ্য ব্লুজ’দের গোল করে এগিয়ে দেন বার্ট্রান্ড ট্রাওরে৷ প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে স্টোক সিটি৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ান চেলসি গোলকিপার কুর্তোয়া৷ শেষ পর্যন্ত ৮৫ মিনিটে শাকিরির ক্রস কুর্তোয়া বাঁচিয়ে দিলেও ফিরতি বল দুর্দান্ত হেড করে জালে পাঠিয়ে দেন স্টোক সিটির স্ট্রাইকার দিউফ৷
এই ড্রয়ের ফলে লিগ টেবিলে দশম স্থানে রয়েছে চেলসি৷ তাঁদের পয়েন্ট ২৯ ম্যাচে ৪০৷ সমসংখ্যক ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে স্টোক সিটি৷এছাড়া অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারানো ম্যাঞ্চেস্টার সিটি ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে৷

....................................................................................................................................................................অপ্রতিরোধ্য অুপ্রতিরোধ্য লেস্টার, ড্র আর্সেনালের

লেস্টার সিটি প্রিমিয়র লিগ জয়ের সম্ভাবনা ফের একবার উজ্জ্বল করল৷ শনিবার টুর্নামেন্টের ১৭তম জয় ছিনিয়ে লিগ টেবিলে শীর্ষেই থাকল তারা৷ ওয়াটফোর্ডের বিরুদ্ধে রিয়াদ মাহরেজের গোলে ১-০ জয় ছিনিয়ে এনেছে লেস্টার সিটি৷ ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগের মগডালে রয়েছে এই মরশুমের সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেওয়া দল৷


অন্যদিকে, টটেনহ্যামের সঙ্গে ২-২ ড্র করল ওয়েঙ্গারের আর্সেনাল৷ এদিন রামসের গোলে ৩৯ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল৷ কিন্তু ওয়েঙ্গারের মুখের হাসি প্রথমার্ধ পর্যন্তই স্থায়ী হয়৷ দ্বিতীয়ার্ধেই পাল্টা দেয় টটেনহ্যাম৷ দ্বিতীয়ার্ধের দু’মিনিটের মধ্যে দু’গোল দিয়ে দেয় টটেনহ্যাম৷ আল্ডারওয়াইর্ল্ড ও হেনরি কেন যথাক্রমে ৬০ ও ৬২ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান৷ কিন্তু ৭২ মিনিটে আর্সেনালকে অবধারিত হারের হাত থেকে বাঁচিয়ে দেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ৷ এই ম্যাচের ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম দু’নম্বরে ও সমসংখ্যক ম্যাচে তিন পয়েন্ট কম নিয়ে আর্সেনাল তিন নম্বরে৷



কোন মন্তব্য নেই: