রবিবারের ছুটির দিনকে কাজে লাগাতে সকাল থেকেই ব্যস্ত হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সকাল ১০টায় বেলুড় মঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বালি কেন্দ্রের তারকা প্রার্থী বৈশালী ডালমিয়া। অন্যদিকে, এদিন সকালে খুরুট ধর্মতলা লেনে নিজের এলাকা থেকেই পায়ে হেঁটে প্রচারের সূচনা করেন বিদায়ী রাজ্য মন্ত্রিসভার কৃষি বিপণন দফতরের মন্ত্রী বর্তমানে মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অরূপ রায়। পুরনিগমের মেয়র পরিষদের সদস্য শ্যামল মিত্র এবং অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এদিন অরূপবাবু তাঁর বিধানসভা এলাকায় প্রচার করেন। পরে হালদারপাড়া ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের একটি পাড়া ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে আসেন তিনি। তিনি বলেন, 'প্রচারে জনসংযোগের উপর জোর দেওয়া হয়েছে। বিরোধী হিসেবে এখানে এখনও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত পাঁচ বছরের উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবেন। হাওড়ায় ১৬-০ তে তৃণমূল জয়ী হবে। দল যে আসনে যাঁকে প্রার্থী করেছেন তাঁর হয়েই সকলকে প্রচারে নামতে হবে। উত্তর হাওড়া এবং দক্ষিণ হাওড়ায় দেওয়াল লিখন মুছে দেওয়া থেকে শুরু করে অবরোধের মতো যা কিছু হয়েছে সব বিষয়েই দল তাদেরকে সতর্ক করেছে। প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার আগে পর্যন্ত অনেকেই দাবিদার থাকতে পারেন কিন্তু প্রার্থীর নাম ঘোষণার পর আর কারও দাবি মানা হবেনা। দলের প্রার্থীর হয়ে সকলকে প্রচারে নামতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন