বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

১লা বৈশাখ আজ সত্যিই বড় একলা!



শশী ঘোষ: ১৪২২ কে বিদায় দিয়ে ১৪২৩ কে স্বাগত জানানোর জন্য বাঙালি বেশ পায়জামা-পাঞ্জাবি পরে সকাল থেকে তৈরি। আজকের দিনটাতেই বাঙালিকে প্রমান করে দিতে হবে তারা মনে প্রানে কতটা বাঙালি। সব থেকে মজার ব্যপার বাঙালির আজ প্রমাণ করার প্রয়োজন হয়ে পড়েছে যে সে বাঙালি। সোশ্যাল


নেটওয়ার্কিং এর যুগে নববর্ষের আগের দিন রাত ১২টা থেকে নববর্ষের শুভেচ্ছা বার্তা আসা শুরু হয়ে যায়। কিন্তু অনেকের হয়ত জানা নেই, নববর্ষের সূচনা হয় সূর্যোদয়ের পর থেকে। বাঙালির এই ১লা বৈশাখ নিয়ে বলতে গিয়ে উত্তর কলকাতার ষাটোর্ধ বাসিন্দা অসীম দাসগুপ্তর বক্তব্য " বাঙালি এখন  ১লা বৈশাখ পালন

করে জাস্ট লোক দেখানোর জন্য, তারা বোঝাতে চায় তারাও ট্যাঁস মার্কা বাঙালি। তাই ১লা বৈশাখ মানে এদের কাছে শপিং মলগুলতে কাটানো সারাদিন অথবা রেস্তোরাঁতে বসে পুরো পরিবারকে নিয়ে বাঙালি খাবার অর্ডার করা। এদের পয়লা বৈশাখ এর মধ্যেই সীমাবদ্ধ থাকে।" এক দিক দিয়ে যদি বিচার করা যায় তবে

এটাই আসলে বাস্তব চিত্র বর্তমান বাঙালিদের। যেন ফিকে হয়ে গেছে সবকিছু সেই প্রাণোচ্ছল ব্যপারগুলো যেন হারিয়ে গিয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী অনামিকা রায়ের কথায় বাঙালি "এখন বেশ হুজুগ প্রিয়, কিছু একটা পেলেই হল তা নিয়ে মেতে ওঠে। আগে পয়লা বৈশাখ মানে ছিল বেশ সাজো সাজো ব্যপার সকাল সকাল স্নান সেরে নতুন জামাকাপড় পরে বড়দের প্রনাম করে দিন শুরু করা যাতে গোটা বছর ভালো কাটে। এরপর সারাদিন গোটা পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া গান বাজনা করে সময় কাটানো। কিন্তু এখন নববর্ষের শুভেচ্ছা বার্তা আসে অনেকটা এরকমভাবে- হ্যাপি নববর্ষ, সব বন্ধুরা মিলে কোন ডিস্কে পার্টি করা যাক।"

একটু মনে করার চেষ্টা করলে দেখা যাবে বছর তিনেক আগেও বাঙালির পয়লা বৈশাখ মানে এক অন্য উন্মাদনা। একটা  অন্য অনুভুতি। নতুন বাংলা বছর আসার আগে থেকেই শুরু হয়ে যেত তার প্রস্তুতি। প্রত্যেক পাড়ায় কোনও না কোন অনুষ্ঠান, প্রত্যেক বাড়িতে মোয়া, নারকেলের নাড়ু তৈরির তোড়জোড়। আর সন্ধ্যে হলে ছোট ছেলেদের দল দোকানগুলোতে হালখাতার ফ্রিতে মিষ্টি আর গ্লাসের পর গ্লাস রসনা খেয়ে চলার হল্লা। কিন্তু এখন এসব কই? পয়লা বৈশাখের মজাটাই যেন ফিকে। এখন এই পয়লা কর্পোরেট, দোকানগুলো পয়লা বৈশাখ পালন করে শুধুমাত্র ব্যবসা বাড়ানোর পরিকল্পনার জন্য। আর মানুষজনের পয়লা বৈশাখ শুধুমাত্র

লোক দেখানোর জন্য। কেমন যেন ছন্ন ছাড়া পুরো ব্যপারটাই।  তাই এখন অনেকে এই পয়লা বৈশাখকে নিয়ে ব্যঙ্গ করে বলে হায়রে একলা বৈশাখ তুই যে আজ সত্যি বড় একলা। 

কোন মন্তব্য নেই: