রবিবার, ৬ মার্চ, ২০১৬

কানহাইয়াকে ভয় পাচ্ছেন না মমতা




কানহাইয়া কুমার এরাজ্যে বামেদের হয়ে প্রচারে আসবেন এমন জল্পনা শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই। কিন্তু তাতে মোটেই ভয় পাচ্ছেন না মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের উপর এর কোনও প্রভাব পড়বে না।


এদিন তিনি বলেন, 'এটা গণতান্ত্রিক দেশ। যে এই এখানে ভোট প্রচারের জন্য আসতে পারে। এতে তৃণমূলের কিছু যায় আসে না।' শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, পাঁচ রাজ্যের নির্বাচনেই বামেদের হয়ে কানহাইয়া কুমারের যাওয়ার কথা রয়েছে। দু'দিন আগে সীতারাম ইয়েচুরি জানিয়েছিলেন, পাঁচটি রাজ্যে যেখানে বিধানসভা নির্বাচন হবে, সেখানে ভোট প্রচারের জন্য নিয়ে যাওয়া হবে কানহাইয়া কুমারকে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তাঁর দলের তরফ থেকেও কানহাইয়ার  সমর্থনে সংসদে প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি, বাম-কংগ্রেস জোট সম্পর্কে তিনি বলেন, কেরলেও ভোট রয়েছে। আর সেখানে এই দুই দল বিপক্ষে।

উল্লেখ্য, আফজল গুরুর সমর্থনে সভা করার পর গ্রেফতার করা হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারকে। কয়েকদিন আগে ছাড়া পেয়েছেন তিনি। এরপরই তাঁকে ভোট প্রচারে আনার চিন্তা ভাবনা শুরু হয়।

কোন মন্তব্য নেই: