বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

পাকিস্তানে দুষ্কৃতীদের ডেরায় নিহত ৬ পুলিশ, ২৭ জন বন্দি


 

লাহোর: পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাব প্রদেশে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার লড়াই চলছে৷ দু পক্ষের গুলির বিনিময়ে নিহত অন্তত ৬ পুলিশকর্মী৷ অন্তত ২৭ জন নিরাপত্তারক্ষীকে বন্ধক বানিয়েছে দুষ্কৃতীরা৷ পুলিশের গুলিতে ৭ দুষ্কৃতী খতম হয়েছে৷ ঘটনার কেন্দ্র দক্ষিণ পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলা৷

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে বলীয়ান পুলিশ বাহিনীর ২৭ জনকে বন্দি করে রাখায় অভিযান ঘিরে প্রশ্নের মুখে প্রশাসন৷ জারব ই আন নামে এই অভিযানটি রাজনপুরের বিভিন্ন দুষ্কৃতী গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হচ্ছিল৷ গোপনে স্থানীয় দুটি নৌকা করে পুলিশ কর্মীরা যাওয়ার সময় আচমকা হামলা চালানো হয়৷ এতেই ব্যাপক ক্ষতি হয়েছে বাহিনীর৷ জানিয়েছেন এক পুলিস কর্তা৷

সিন্ধু নদের তীরবর্তী রাজনপুরের দ্বীপটি বিভিন্ন দুষ্কৃতী গোষ্ঠীর ঘাঁটি৷ এখান থেকেই দক্ষিণ পাঞ্জাব প্রদেশের অসামাজিক কাজ চালানো হয়৷ রাজনপুরের দুষ্কৃতীরাজ নিশ্চিহ্ন করতে পাক বিমান বাহিনীকেও অভিযানের নির্দেশ দিয়েছে সরকার৷ আকাশপথে হামলার পাশাপাশি গোটা এলাকা ঘিরে নেওয়ার পরিকল্পনা করেছে পুলিশ বাহিনী৷  অন্তত ২০০ দুষ্কৃতী লাগাতার গুলি ছুঁড়ছে৷ জানিয়েছেন পুলিশ কর্তারা৷  অপহৃত পুলিশ কর্মীদের বাঁচাতে পাকিস্তানি সেনার কাছে সাহায্য চাওয়া হয়েছে৷ জানিয়েছেন পাক পাঞ্জাব প্রদেশের পুলিশ প্রধান মুস্তাক সুখেরা৷

কোন মন্তব্য নেই: