বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

মাথা থেঁতলে তৃণমূল কর্মীকে খুন, গ্রেফতার দুই


মেদিনীপুর: বুধবার গভীর রাতে এক তৃণমূল কর্মীর মাথা থেঁতলে খুন করল একদল দুষ্কৃতী। মৃতের নাম পীযূষ প্রামাণিক (৫২)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,  এদিন গভীর রাতে স্থানীয় খেজুরির নিচকসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পূজো মন্ডপে বাসন্তি ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন সুন্দরপুরের বাসিন্দা পীযূষবাবু। কিন্তু পথে শিলাবেড়িয়া এলাকায় কয়েকজন দুষ্কৃতির সঙ্গে তাঁর বচসা বাধে। এর পরেই দুষ্কৃতিরা বাঁশ ও লাঠি দিয়ে পীযূষবাবুর মাথায় মারতে থাকে। পীযূষবাবুর মাথা পুরো থেঁতলে দিয়ে পালায় তারা। রক্তাক্ত অবস্থায় পীযূষ শিলাবেড়িয়ার রাস্তার ধারে পড়ে থাকে এবং তাঁর মৃত্যু হয়।
দিনের আলো ফোটার পর গ্রামের মানুষ পীযূষবাবুর মৃতদেহটি দেখতে পেয়ে খেজুরি থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে৷ এই ঘটনায় খেজুরি থানার পুলিশ দুজনকে বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করেছে৷
খেজুরির তৃণমূল নেতা শ্যামল মিশ্র জানিয়েছেন, পীযূষবাবু এলাকায় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। তিনি নিজের এলাকায় সম্প্রতি একটি পার্টি অফিস খোলার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তার আগেই পীযূষবাবুর মৃত্যুতে দলের যথেষ্ট ক্ষতি হল বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই: