কলকাতা: তাঁর অনবদ্য ৮৪ রানের ইনিংসে ইডেনে ঘরের ছেলেদের বুধবার হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স৷ কিন্তু রোহিত শর্মা ম্যাচ জয়ের কৃতিত্ব ভাগ করে নিলেন দলের বোলারদের সঙ্গে৷ পাশাপাশি মিচেল ম্যাকলাঘানকে রিকি পন্টিংয়ের পরামর্শে উপরের দিকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটাকেও বাহবা দিলেন৷
ম্যাচ শেষে পয়া ইডেনে দাঁড়িয়ে রোহিত বলেন,‘ইডেন একটি হাই-স্কোরিং মাঠ৷ এদিন আমরা অনেক ভালো খেলেছি৷ কলকাতা ১০-১৫ রান বেশি করলেও ডেথ ওভারে আমাদের বোলাররা খুব ভালো বল করেছে৷ ওরা ২০০ রা করে ফেলতো৷ কিন্তু আমাদের বোলাররা সঠিক সময়ে কেকেআরের রান তোলার গতিবেগ কমিয়ে দিয়েছে৷ শুরুতেও আমরা বোলিং ভালো করেছিলাম৷ তবে পরবর্তী ম্যাচগুলিতে আমাদের ফিল্ডিংয়ের মানকে আরও উঁচু করতে হবে৷’ এর সঙ্গেই তিনি যোগ করেন,‘ রান তাড়া করার সময় মিচকে(ম্যাকলাঘান) চার নম্বরে ব্যাট করতে পাঠানোটা রিকি(পন্টিং)-র আইডিয়া ছিল৷ ম্যাকলাঘান আমাদের প্রয়োজন মতো সেই কাজটাই দুর্দান্ত ভাবে করেছে৷ অন্যদিকে, বাটলার ইংল্যান্ডের হয়ে যেরকম ইনিংস খেলে থাকে এদিনও সেরকম খেলায় আমার কাজটা সহজ হয়ে গিয়েছিল৷ কারণ আমার উপরেই দায়িত্ব ছিল শেষ অবধি ব্যাট করে দলকে গুরুত্বপূর্ণ জয়ে এনে দেওয়ার৷’
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর মুম্বই ব্যাটসম্যানদের জয়ের কৃতিত্ব দেন৷ তিনি বলেন,‘ওরা খুব ভালো খেলেছে৷ রোহিতের মতো কেউ ওপেন করতে নেমে শেষ অবধি ব্যাট করে গেলে ম্যাচ বের করাটা সহজ হয়ে যায়৷ আমাদের বোলারদের শুরুটাও ভালো হয়নি৷ মাঝে মাঝে লাইন-লেংথে গণ্ডগোলও হয়েছে৷ আমরা ভেবেছিলাম এই পিচে পেসারদের থেকে স্পিনাররা বেশি কার্যকর হবে৷ কিন্তু সেটা হয়নি৷’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন