বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

নারদ-কাণ্ডে পাঁচ সাংসদকে নোটিশ দিল এথিক্স কমিটি


নারদা-কান্ডে আরও চাপে তৃণমূল কংগ্রেস। 'অভিযুক্ত' যে পাঁচ তৃণমূল সাংসদদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, লোকসভার এথিক্স কমিটির পক্ষ থেকে তাঁদেরকে নোটিস পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজে তাঁদের টাকা নেওয়ার যে ছবি দেখা গিয়েছে, তা নিয়েই সংশ্লিষ্ট সাংসদদের বক্তব্য জানতে চেয়েছে লোকসভার এথিক্স কমিটি। লিখিতভাবে এই বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয়েছে। এথিক্স কমিটির এই সিদ্ধান্তে খুশি বিরোধীরা।
স্টিংকাণ্ডে ভিডিও ফুটেজ সামনে আসার পরেই বিষয়টি নিয়ে তদন্তের দাবিতে লোকসভায় সরব হন অন্যান্য দলের সাংসদরা। এরপরেই লোকসভার অধ্যক্ষ ভিডিও ফুটেজের তদন্তে এথিক্স কমিটি গঠন করেছিলেন। সেই এথিক্স কমিটির পক্ষ থেকে এবারে লোকসভার পাঁচ তৃণমূল সাংসদকে নোটিস পাঠিয়ে তাঁদের বক্তব্য জানতে চেয়েছে। এই সাংসদরা হলেন— প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার, সুলতান আহমেদ এবং সৌগত রায়। লোকসভার এই পাঁচ সাংসদকেই নারদ-স্টিং-এর ভিডিও ফুটেজে ঘুষ নিতে দেখা গিয়েছে।

কোন মন্তব্য নেই: