শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

'চিনের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী আমেরিকা'


ওয়াশিংটন:  চিনের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী আমেরিকা। বিতর্কিত দক্ষিণ চিন সাগরের কাছে একটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পরিদর্শন সময়ে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার। তাঁর সঙ্গেই ছিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ভোলতেয়ার গাজমিন। এই এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার বিরুদ্ধে বেজিং যখন কঠোর অবস্থান গ্রহণ করেছে তখন এই পরিদর্শনের ঘটনা ঘটল।
ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়ায় অংশগ্রহণকারী মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেনিস'এ পৌঁছে তিনি বলেন, মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের এই অঞ্চলে উপস্থিতি নতুন কিছু ঘটনা নয়। যে প্রেক্ষাপটে এই অঞ্চলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হল নতুন। আমেরিকা এই উত্তেজনা কমিয়ে আনতে চায় বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, চিনের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা। বেজিংয়ের সঙ্গে উত্তেজনা উস্কে দেওয়া নয় বরং মিত্রদের প্রতি সমর্থন দেওয়ার জন্য তিনি এই পরিদর্শন করেন বলে জানান তিনি।
অন্যদিকে, দক্ষিণ চিন সাগরে ফিলিপাইনের সঙ্গে আমেরিকা যৌথ নৌ-টহল শুরু করেছে বলে জানিয়েছেন কার্টার। বিতর্কিত দক্ষিণ চিন সাগরের দ্বীপপুঞ্জে চিনের কথিত ভূমি অধিগ্রহণ এবং সামরিক উপস্থিতির বিষয়ে আমেরিকার উদ্বেগের কথা ব্যক্ত করে তিনি ঘোষণা করেন, ফিলিপাইনে শত শত মার্কিন সেনা এবং পাঁচটি রণতরী মোতায়েন করা হবে । অবশ্য এর বিপরীতে নিজ কঠোর অবস্থান বজায় রেখেছে চিন। বেজিং সরকার জানিয়েছে, চিনের সামরিক বাহিনী দেশের ভূখণ্ড রক্ষা করবে। আরও বলা হয়, মার্কিন-ফিলিপাইন যৌথ মহড়া আঞ্চলিক সামরিকীকরণকে উসকে দেবে এবং শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে।

কোন মন্তব্য নেই: