শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

'নারদ-কাণ্ডে শাসকের কেউ দোষী হলে ছাড় পাবেন না'



কলকাতা:  নারদ-কাণ্ডে লোকসভার নীতি কমিটির তদন্তে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের উপর। গত কয়েকদিন আগেই নারদ কাণ্ডে 'অভিযুক্ত' তৃণমূলের পাঁচ সাংসদের কাছে ব্যাখ্যা তলব করে এথেক্স কমিটি। সেই রেশ কাটতে না কাটতেই শহরে এসে এথেক্স কমিটির সদস্য তথা লোকসভায় বিজেপি’র মুখ্য সচেতক অর্জুন রাম মেঘওয়াল সাফ জানিয়ে দিলেন, ‘‘নিয়ম মেনেই তদন্ত হবে। দোষী হলে কেউ ছাড় পাবেন না। অভিযুক্ত সাংসদকে সাসপেন্ড বা বহিষ্কার করা হবে!’’ একইসঙ্গে রাজ্য বিজেপি’র দফতরে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযোগের সারবত্তা মিলেছে বলেই তৃণমূলের পাঁচ সাংসদকে চিঠি পাঠানো হয়েছে! ফলে রাজ্যে ভোটের আগে তাঁর এই মন্তব্যে তৃণমূলের উপর যে চাপ বাড়বে তা কার্যত স্বীকার করে নিচ্ছে সবদলই। তবে এই ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ শাসকদলের। যদিও এই বিষয়ে অর্জুন জানিয়েছেন, ‘‘রাজনৈতিক প্রতিহিংসা নয়, সত্যতা যাচাইয়ে এই তদন্ত করা হচ্ছে।’’

নারদ কাণ্ডে লোকসভার তৃণমূল সাংসদ সৌগত রায়, শুভেন্দু অধিকারী, সুলতান আহমেদ, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। বিরোধীরা এনিয়ে সরব হলে তদন্তের নির্দেশ দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। এক সপ্তাহ আগে সৌগত, শুভেন্দু, সুলতান, কাকলি এবং প্রসূনের বক্তব্য জানতে চেয়ে চিঠি পাঠায় এথেক্স কমিটি।

কোন মন্তব্য নেই: